Image description

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে একটি বসতবাড়ি থেকে প্রায় ৯ কেজি ওজনের মূল্যবান কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) দুপুরে উপজেলার পারইল মাঝিপাড়া গ্রামের রায়হান মাঝি লিটনের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে পারইল মাঝিপাড়া গ্রামে একটি কষ্টিপাথরের মূর্তি কেনাবেচা হচ্ছে। এমন খবরের ভিত্তিতে পুলিশ রায়হান মাঝি লিটনের বাড়িতে অভিযান চালায়। তল্লাশিকালে একটি ঘরের খাটের নিচ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মূর্তিটির ওজন ৮ কেজি ৮০০ গ্রাম (প্রায় ৯ কেজি)।

অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মূর্তি কেনাবেচা চক্রের সদস্যরা কৌশলে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মূর্তিটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের তদন্ত চলছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মানবকণ্ঠ/ডিআর