Image description

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশি-বিদেশি অস্ত্র ও একটি মাইক্রোবাসসহ মো. সজীব আহমেদ (২৫) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) ভোর রাতে নাসিক ২নং ওয়ার্ডের মিজমিজি চিশতিয়া বেকারির সামনের পাকা রাস্তায় এই অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল মিজমিজি এলাকায় বিশেষ অভিযান চালায়। এসময় সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও সজীব আহমেদকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সজীব মিজমিজি মাইজপাড়া এলাকার মো. সানাউল্লাহর ছেলে।

গ্রেপ্তারকৃত সজীবের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি রিভলভার, ৬ রাউন্ড তাজা গুলি, ৩টি ধারালো রামদা, ১টি টর্চলাইট এবং ১টি পুরনো কালো রঙের মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ২০-৫২৫৭) জব্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, অভিযানের সময় অন্ধকারে সুযোগ নিয়ে পালিয়ে গেছে সজীবের সহযোগী মইন মিয়া (২৫), ইব্রাহিম ওরফে আকাশ (২৫) এবং অজ্ঞাতনামা আরও ৬-৭ জন ডাকাত। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিরা সংঘবদ্ধ হয়ে এলাকায় বড় ধরনের ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তাদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির প্রস্তুতি ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

মানবকণ্ঠ/ডিআর