Image description

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (১৩ জুলাই) বিকেল ৬টার দিকে চান্দাইকোনা পিংকি পাম্প সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে কুড়িগ্রামগামী ‘বনফুল পরিবহন’-এর একটি বাসে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আটককৃত যাত্রীর নাম রবিউল আলম সিদ্দিকী (পিতা: মো. সিদ্দিক)। তার স্থায়ী ঠিকানা কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায়। বাসে তল্লাশিকালে তার কাছে থাকা ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত ইয়াবার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে ইতিমধ্যে জেলহাজতে পাঠানো হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর