Image description

কক্সবাজারের রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি বিলাসিবহুল প্রাইভেটকারে ইয়াবা পাচারের সময় তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু রাবার বাগান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—কুমিল্লার চৌদ্দগ্রামের সাব্বির হোসেন (৩৬), নারায়ণগঞ্জের রূপগঞ্জের সিমা ইসলাম (২২) এবং ঢাকার দারুসসালাম এলাকার উর্মি আক্তার উষা (১৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অবস্থান নেয় ডিএনসির একটি দল। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি সাদা রঙের টয়োটা সিএইচআর (CHR) প্রাইভেটকারকে থামানোর সংকেত দেওয়া হয়। গাড়িটি তল্লাশি করে স্কচটেপ ও টিস্যু পেপার দিয়ে মোড়ানো অবস্থায় ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে মাদক বহনে ব্যবহৃত গাড়িটি এবং ৪টি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "সরকারি প্রতিষ্ঠানের স্টিকার ব্যবহার করে মাদক পাচারের এই কৌশল অত্যন্ত উদ্বেগজনক। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং স্টিকারটি তারা কীভাবে সংগ্রহ করেছে, সে বিষয়ে তদন্ত চলছে।"

এই ঘটনায় পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান বাদী হয়ে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ডিএনসি।

মানবকণ্ঠ/ডিআর