Image description

মানিকগঞ্জের সিংগাইরে ইটবোঝাই ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি (৪০) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় এক নারীসহ আরও চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৮টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেদুলিয়া ডাবল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পূর্ব দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজিতে থাকা আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তি প্রাণ হারান। তবে তিনি চালক না যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা সুরুজ শেখ জানান, দুর্ঘটনায় সিএনজিতে থাকা এক নারীসহ আরও চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠিয়েছেন। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘাতক ট্রাক ও চালককে চিহ্নিত করে গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

মানবকণ্ঠ/ডিআর