Image description

টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর ও পলাইটেকি গ্রামের প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ একটি কাঁচা সড়ক সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চৌরাস্তা মোড় থেকে ছালাম মোড় হয়ে পাকা সড়ক পর্যন্ত বিস্তৃত এই সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক গ্রামের মানুষ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই পুরো সড়ক কাদা-পানিতে একাকার হয়ে যায়। ফলে ভ্যান, অটোরিকশাসহ ছোট যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। এতে কৃষিপণ্য বাজারজাত করা, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে যাতায়াত এবং বিশেষ করে প্রসূতি ও অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া নিয়ে গ্রামবাসী চরম সংকটে পড়েছেন।

স্থানীয় বাসিন্দা আজিজ মিয়া বলেন, "বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু সমান কাদা ও পানি জমে যায়। জরুরি প্রয়োজনে কোনো রোগী নিয়ে হাসপাতালে যেতে আমাদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। অ্যাম্বুলেন্স তো দূরের কথা, একটা অটোরিকশাও এই পথে আসতে চায় না।"

আরেক বাসিন্দা লোকমান হোসেন বলেন, "রাস্তার বেহাল অবস্থার কারণে ভ্যান বা ট্রাক চালকরা এ পথে আসতে রাজি হন না। ফলে আমাদের উৎপাদিত কৃষিপণ্য সময়মতো বাজারে নিতে পারি না, এতে আমাদের আর্থিক ক্ষতি হচ্ছে। শিক্ষার্থীরাও ঠিকমতো স্কুল-কলেজে যেতে পারছে না।"

ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে সড়কটি সংস্কার ও পাকাকরণের দাবি জানিয়ে আসলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষা মৌসুমে এই দুর্ভোগ কয়েক গুণ বেড়ে যায়। জনস্বার্থে দ্রুত সড়কটি সংস্কার করে পাকাকরণের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

মানবকণ্ঠ/ডিআর