ভালুকায় ফেসবুকে বিদায়ী বার্তা, পরদিন খালে মিলল যুবকের নিথর দেহ
ময়মনসিংহের ভালুকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রহস্যময় বিদায়ী পোস্ট দেওয়ার একদিন পরই সাব্বির আহাম্মেদ (১৮) নামে এক যুবকের মরদেহ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) সকালে উপজেলার বিত্তাগুন খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাব্বির আহাম্মেদ উপজেলার বাশিল এলাকার সুলতান আহমদের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১৪ বছর আগে তার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে সাব্বির তার খালার কাছে লালিত-পালিত হয়ে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টার দিকে বিত্তাগুন খালে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্বজন ও স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার সাব্বির তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি আবেগঘন বিদায়ী বার্তা পোস্ট করেন। ওই পোস্টের পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খুঁজলেও কোনো সন্ধান পাননি। পরদিন সকালে খালে তার মরদেহ পাওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ভালুকা মডেল থানা পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা নাকি আত্মহত্যা—সে বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments