জয়পুরহাট পৌর শহরের সাগরপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে লুৎফর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে নিজের তরুণ ছেলে নাইম ইসলাম ইয়ামিনকে (২০) শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত বাবা পলাতক থাকলেও জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সৎ মা বানু খাতুনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নাইমের মূল বাড়ি নীলফামারী জেলায়। তিনি জয়পুরহাট শহরের সাগরপাড়া এলাকায় বাবা ও সৎ মায়ের সাথে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। সম্প্রতি নাইম কিস্তিতে একটি স্মার্টফোন কেনেন। গত ২৯ জুলাই ওই ফোনের কিস্তির টাকা শোধ করা নিয়ে বাবার সাথে তার তীব্র তর্ক-বিতর্ক হয় এবং একপর্যায়ে লুৎফর রহমান তাকে মারধর করেন।
পারিবারিক এই বিরোধের জেরে গত বৃহস্পতিবার রাতের যেকোনো সময় লুৎফর রহমান তার ছেলে নাইমকে শ্বাসরোধে হত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। হত্যার পর মরদেহটি ঘরের ভেতরে ফেলে রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে পালিয়ে যান তিনি। শুক্রবার প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়।
জয়পুরহাট থানার পুলিশ জানায়, নিহতের সৎ মা বানু খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। অভিযুক্ত লুৎফর রহমানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments