লালপুরে হিন্দু পল্লিতে চাঁদা দাবি করে হত্যার হুমকি, পুরো গ্রামে আতঙ্ক
নাটোরের লালপুরে হিন্দু সম্প্রদায়ের প্রতিটি পরিবারের কাছে ২০ হাজার টাকা করে চাঁদা দাবি করে উড়ো চিঠি দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। নির্ধারিত বিকাশ নম্বরে ২৪ ঘণ্টার মধ্যে টাকা পরিশোধ না করলে পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনার পর থেকে উপজেলার বাকনাই গ্রামের পালপাড়া এলাকায় চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়েছে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার (১ আগস্ট) রাত ১১টার দিকে বাকনাই গ্রামের বাসিন্দা নারায়ণ কুমার পালের বাড়ির বারান্দায় একটি চিঠি পড়ে থাকতে দেখেন তার ছেলে অরুণ কুমার পাল। পরে চিঠিটি খুলে সেখানে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
চিঠির বিষয়বস্তু সম্পর্কে ভুক্তভোগীরা জানান, দুর্বৃত্তরা চিঠিতে একটি নির্দিষ্ট বিকাশ নম্বর উল্লেখ করে পালপাড়ার সব হিন্দু পরিবারকে ২০ হাজার টাকা করে পাঠানোর নির্দেশ দিয়েছে। চিঠিতে সতর্ক করে বলা হয়েছে, বিষয়টি প্রশাসন বা অন্য কাউকে জানানো যাবে না। টাকা না দিলে ২৪ ঘণ্টার মধ্যে পরিবারের সবাইকে হত্যা করা হবে বলেও চরম হুমকি দেওয়া হয়েছে। একই সঙ্গে এই চিঠিটি পাড়ার অন্যান্য হিন্দু পরিবারগুলোর কাছে পৌঁছে দেওয়ারও নির্দেশ দেয় দুর্বৃত্তরা।
এদিকে, প্রকাশ্য দিবালোকে এমন হুমকির পর থেকে পালপাড়ার বাসিন্দাদের মধ্যে তীব্র উদ্বেগ ও ভয় কাজ করছে। খবর পেয়ে লালপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ আলামত হিসেবে চিঠিটি জব্দ করেছে এবং এর উৎস ও জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে।
লালপুর থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। চিঠিতে উল্লিখিত মোবাইল নম্বর ও অন্যান্য তথ্য যাচাই করে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments