ময়মনসিংহে বিকেএসপি স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে যুব ও ক্রীড়া সচিব
ময়মনসিংহ বিভাগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) স্থাপনের উদ্যোগের অংশ হিসেবে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার বিভিন্ন সম্ভাব্য স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।
বৃহস্পতিবার ০৬ আগষ্ট দিনব্যাপী এ পরিদর্শনে সচিবের সঙ্গে ছিলেন বিকেএসপির পরিচালক (সাধারণ) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ, পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান (পিএসসি) এবং হালুয়াঘাট-ধোবাউড়া আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল এমপি।
পরিদর্শনকালে প্রতিনিধিদল হালুয়াঘাট ও ধোবাউড়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। বিকেএসপির নতুন শাখা স্থাপনের জন্য সম্ভাব্য স্থানগুলোর পরিবেশ, যোগাযোগব্যবস্থা, অবকাঠামোগত সুযোগ-সুবিধা, ক্রীড়া প্রশিক্ষণের উপযোগিতা এবং প্রয়োজনীয় অন্যান্য বিষয় পর্যবেক্ষণ করেন তাঁরা। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সম্ভাব্য স্থান নিয়ে মতবিনিময় করেন এবং একটি আধুনিক ক্রীড়া প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
পরে প্রতিনিধিদল ধোবাউড়ার ঐতিহ্যবাহী কলসিন্দুর সরকারি উচ্চবিদ্যালয় ও কলেজ পরিদর্শন করেন। সেখানে তাঁরা নারী ফুটবলারসহ সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা মনোযোগ দিয়ে শোনেন।
স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, ময়মনসিংহ বিভাগে বিকেএসপির কার্যক্রম চালুর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ তুলে আনা সরকারের গুরুত্বপূর্ণ পরিকল্পনা। বিশেষ করে কলসিন্দুরের মেয়েদের ফুটবলের ঐতিহ্য বিবেচনায় তাঁদের কাছাকাছি এলাকায় বিকেএসপি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্ভাব্য স্থানগুলো যাচাই-বাছাই করে দ্রুততম সময়ের মধ্যে উপযুক্ত স্থান নির্বাচন করা হবে এবং পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
তিনি আরও জানান, প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কলসিন্দুর সরকারি উচ্চবিদ্যালয় ও কলেজের মাঠ সংস্কার করে উন্নত প্রশিক্ষণের উপযোগী করে তোলার পরিকল্পনাও রয়েছে।
সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর (রুবেল) বলেন, কলসিন্দুরের মেয়েরা জাতীয় দলে খেলে দেশকে বিশ্বমঞ্চে পরিচিত করেছে। তাঁদের এই সাফল্যের ধারাবাহিকতায় এখানে বিকেএসপি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের ক্রীড়া বিকাশে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
বিকেএসপির পরিচালক (সাধারণ) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ বলেন, সরকারের নির্দেশনায় পার্বত্য চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে দুটি নতুন বিকেএসপি স্থাপন করা হবে। কলসিন্দুর এলাকা থেকে জাতীয় মহিলা ফুটবল দলে ৬-৭ জন খেলোয়াড় রয়েছে, যা দেশের জন্য গর্বের বিষয়। আমরা চাই, এই অঞ্চল থেকেই ভবিষ্যতে আরও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হোক।
হালুয়াঘাট ও ধোবাউড়ায় বিকেএসপি স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনের এ খবরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের মধ্যে ব্যাপক আশাবাদ সৃষ্টি হয়েছে। তাঁদের প্রত্যাশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে ময়মনসিংহ বিভাগের সম্ভাবনাময় তরুণ-তরুণীরা আধুনিক ক্রীড়া প্রশিক্ষণের সুযোগ পাবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও দক্ষ ক্রীড়াবিদ গড়ে উঠবে।




Comments