Image description

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে পাথর ও ময়দা বোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর থানাধীন বেজোড়া এলাকায় ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী পাথর বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২২-৬৮২৮) এবং বিপরীত দিক থেকে আসা ময়দার বস্তা বোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ড ১২-৪৪৮০) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক দুটির সামনের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয় এবং সড়কের ওপর আড়াআড়িভাবে আটকে পড়ায় যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে। পরবর্তীতে রেকারের মাধ্যমে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই মাকসুদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ডিআর