Image description

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার একটি বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। সোমবার (১০ আগস্ট) দিনাজপুর শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবার ২২টি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। এর মধ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার একটি বিদ্যালয় হলো পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়।

উপজেলার পাথরডুবি ইউনিয়নের এ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় চারজন শিক্ষার্থী অংশ নেয়। তবে তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি।

পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম বলেন, বাল্যবিয়ের কারণে অনেক শিক্ষার্থী পড়াশোনা থেকে ঝরে পড়ে। নানা প্রতিকূলতার মধ্যেও বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম চালু রয়েছে। ফল বিপর্যয়ের কারণ পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, এবার জেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ হাজার ৮৯৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাসের হার ৫৬ দশমিক ৩৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১৭৯ জন।

তিনি আরও বলেন, যেসব প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি, সেসব প্রতিষ্ঠানের ফলাফল খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএ