স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি: চট্টগ্রামে খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ
চট্টগ্রামে চার স্তরের স্থানীয় সরকার নির্বাচন—সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ—সামনে রেখে খসড়া ভোটকেন্দ্র ও ভোটকক্ষের তালিকা প্রকাশ করেছে জেলা নির্বাচন অফিস। একই সঙ্গে কেন্দ্রভিত্তিক ভোটার সংখ্যার খসড়া সারসংক্ষেপও প্রকাশ করা হয়েছে।
সোমবার চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম সিটি করপোরেশন, ১৬টি উপজেলা পরিষদ, ১৪টি পৌরসভা ও ১৮৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সামনে রেখে খসড়া তালিকায় মোট ৪ হাজার ২০০টি ভোটকেন্দ্র এবং ২২ হাজারের বেশি ভোটকক্ষ রাখা হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১টি সাধারণ ও ১৪টি সংরক্ষিত ওয়ার্ডের জন্য প্রকাশিত খসড়া তালিকায় ভোটকেন্দ্র রয়েছে ৭২৫টি। সবগুলোই স্থায়ী কেন্দ্র। এসব কেন্দ্রে মোট ভোটকক্ষ ৩ হাজার ৯৫৭টি। এর মধ্যে স্থায়ী ভোটকক্ষ ৩ হাজার ৬৭১টি এবং অস্থায়ী ২৮৬টি।
খসড়া তালিকা অনুযায়ী, চট্টগ্রাম সিটি করপোরেশনে মোট ভোটার ১৯ লাখ ৫৮ হাজার ৯০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৯১ হাজার ৬৩০, নারী ৯ লাখ ৬৭ হাজার ২২৪ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫১ জন।
চট্টগ্রামের ১৬টি উপজেলা পরিষদের নির্বাচনের জন্য প্রকাশিত খসড়া তালিকায় ভোটকেন্দ্র রয়েছে ১ হাজার ৪৭৫টি। সবগুলোই স্থায়ী কেন্দ্র। এসব কেন্দ্রে মোট ভোটকক্ষ ৯ হাজার ১৪৩টি। এর মধ্যে স্থায়ী ভোটকক্ষ ৮ হাজার ৭৭৫টি এবং অস্থায়ী ৩৬৮টি।
খসড়া তালিকায় ১৬টি উপজেলায় মোট ভোটার ৪৭ লাখ ৬৭ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৫ লাখ ১৬ হাজার ৮০৪, নারী ২২ লাখ ৫০ হাজার ৯৭০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৭ জন।
চট্টগ্রামের ১৪টি পৌরসভা নির্বাচনের জন্য প্রকাশিত খসড়া তালিকায় ভোটকেন্দ্র রয়েছে ২১৯টি। এর মধ্যে স্থায়ী ২১৫টি এবং অস্থায়ী ৪টি। মোট ভোটকক্ষ ১ হাজার ৯৫টি। এর মধ্যে স্থায়ী ভোটকক্ষ ১ হাজার ১৯টি এবং অস্থায়ী ৭৬টি।
১৪টি পৌরসভার ১২৬টি সাধারণ ও ৪২টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার ৫ লাখ ৫৯ হাজার ৫৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯৩ হাজার ২৪৩ এবং নারী ২ লাখ ৬৬ হাজার ৩৪৪ জন।
চট্টগ্রামের ১৬টি উপজেলার ১৮৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের জন্য খসড়া তালিকায় ভোটকেন্দ্র রয়েছে ১ হাজার ৭৮১টি। এর মধ্যে স্থায়ী কেন্দ্র ১ হাজার ৭২২টি এবং অস্থায়ী ৫৯টি।
এসব কেন্দ্রে মোট ভোটকক্ষ ৮ হাজার ১৯৩টি। এর মধ্যে স্থায়ী ভোটকক্ষ ৭ হাজার ৬৮৩টি এবং অস্থায়ী ৫১০টি।
১৮৯টি ইউনিয়ন পরিষদের খসড়া তালিকা অনুযায়ী, মোট ভোটার ৪২ লাখ ৪৫ হাজার ৬৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২২ লাখ ৪১ হাজার ৬৬৪, নারী ২০ লাখ ৩ হাজার ৯৮৮ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৭ জন।
চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ড, জেলার ১৬টি উপজেলা পরিষদ, ১৪টি পৌরসভা ও ১৮৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে।
জেলা নির্বাচন অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খসড়া তালিকা নিয়ে কোনো দাবি বা আপত্তি থাকলে আগামী ১৮ আগস্টের মধ্যে লিখিতভাবে জানাতে হবে। এসব দাবি ও আপত্তি যাচাই-বাছাই ও নিষ্পত্তি করা হবে ২৩ আগস্ট। এরপর ২৭ আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে।
তবে জেলা নির্বাচন অফিসের প্রকাশিত খসড়া তালিকা সূত্রে জানা গেছে, সীমানা পুনর্গঠন ও পুনর্বিন্যাসজনিত জটিলতার কারণে বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নে বর্তমানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।
জেলা নির্বাচন অফিস জানিয়েছে, খসড়া তালিকার কোনো ভোটকেন্দ্র বা ভোটকক্ষ নিয়ে আপত্তি থাকলে ১৮ আগস্টের মধ্যে লিখিত আবেদন করতে হবে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় অথবা সংশ্লিষ্ট উপজেলা কিংবা থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ আবেদন জমা দেওয়া যাবে।




Comments