Image description

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী লেগুনা ও ‘লাল সবুজ পরিবহন’ বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে চকরিয়া থানাধীন খুটাখালী নয়াপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— চকরিয়ার খুটাখালী সেগুনবাগিচা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. জসিম উদ্দিন (২৫), ফুলছড়ি শিয়াপাড়ার মৃত মনজুর আলমের ছেলে মো. শাহেদ (২৭), ঈদগাঁও উপজেলার মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ রফিক (২৮) এবং একই এলাকার আমিনুল হকের ছেলে মো. জিয়াবুল হক (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নোয়াখালী সদর থেকে ছেড়ে আসা ‘লাল সবুজ পরিবহনের’ একটি চেয়ার কোচ কক্সবাজারের দিকে যাচ্ছিল। বিপরীত দিক ঈদগাঁও থেকে যাত্রী নিয়ে একটি লেগুনা চকরিয়ার দিকে যাওয়ার সময় খুটাখালী নয়াপাড়া এলাকায় পৌঁছালে দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বেশ কয়েকজন গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল ও মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে শাহেদ, রফিক ও জিয়াবুলের মৃত্যু হয়। পরবর্তীতে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে মারা যান জসিম উদ্দিন।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি জানান, দুর্ঘটনাকবলিত বাস ও লেগুনাটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডিআর