নারায়ণগঞ্জে আগুনে দগ্ধ স্বামীর দাফনের কয়েক ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু
নারায়ণগঞ্জের বন্দরে ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ পোশাকশ্রমিক খোকন সরকারের দাফন সম্পন্ন হওয়ার মাত্র ছয় ঘণ্টার মাথায় তাঁর স্ত্রী ফজিলত বেগমও না ফেরার দেশে চলে গেছেন। স্বামীকে শেষ বিদায় জানিয়ে দাফন করার পরপরই স্ত্রীর মৃত্যুর খবর আসায় পুরো পরিবার ও গ্রামজুড়ে শোকের মাতম চলছে।
নিহত আব্দুস সামাদ ওরফে খোকন সরকার (৫৪) কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের উজানীকান্দি গ্রামের মরহুম আব্দুল গয়ফুরের দ্বিতীয় ছেলে। তাঁর স্ত্রী ফজিলত বেগম (৪০) পাশের গ্রাম উজানীজোড়ার নানু মিয়া খন্দকারের মেয়ে। এই দম্পতি নারায়ণগঞ্জের মদনপুর এলাকার জাহীন গার্মেন্টসে কর্মরত ছিলেন। তাঁদের ইউসুফ সরকার (২০) ও খাদিজা আক্তার (১৮) নামে দুই সন্তান রয়েছে। দুর্ঘটনার সময় সন্তানরা গ্রামের বাড়িতে অবস্থান করছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৭ আগস্ট) রাত ১১টার দিকে নারায়ণগঞ্জ বন্দর থানার মুরাদপুর এলাকার একটি ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড ঘটে। এতে খোকন সরকার ও ফজিলত বেগম দুজনেই গুরুতর দগ্ধ হন। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি করা হয়।
সেখানে চার দিন মৃত্যুর সঙ্গে লড়ে গত মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে খোকন সরকার মারা যান। বুধবার সকালে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে এনে জানাজা শেষে দাফন করা হয়। স্বামীর দাফন শেষ হতে না হতেই বিকেল ৪টার দিকে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্ত্রী ফজিলত বেগমও। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জানাজা শেষে স্বামীর কবরের পাশেই শায়িত করা হয়েছে তাঁকে।
অল্প সময়ের ব্যবধানে দম্পতির এমন করুণ মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছেন স্বজন ও এলাকাবাসী। স্বজনদের আহাজারিতে এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।
এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেন, "অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে দেবিদ্বারের এই দম্পতির মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। এই কঠিন সময়ে অসহায় পরিবারটির পাশে উপজেলা প্রশাসন থাকবে। তাঁদের সরকারি আর্থিক সহায়তা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
ডিআর




Comments