Image description

মাদারীপুরের কালকিনিতে একটি মহিলা মাদ্রাসার ভেতরে হাতবোমা বিস্ফোরণে চার শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে আবিদা আক্তার নামে এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার সকালে কালকিনি পৌরসভার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালে শিক্ষার্থীরা মাদ্রাসায় আসতে শুরু করে। এ সময় মাদ্রাসার ভেতরে ইমন সরদারের বসতঘরের সামনে হঠাৎ একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে চার শিক্ষার্থী আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করেন। আহতদের মধ্যে আবিদা আক্তারের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

ঘটনার খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার কারণ ও প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ ও সিআইডির একাধিক দল কাজ করছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলে পুলিশের একাধিক কর্মকর্তা রয়েছেন।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হলুদ টেপ দিয়ে পেঁচানো বলের মতো বস্তুটি শিশুরা এর আগেও মাদ্রাসায় দেখেছিল বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। শনিবার সকালে সেটি বিস্ফোরিত হয়ে চারজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।

এসএ