আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংসদে বিষয়টি উপস্থাপন করা হয়েছে: সালাউদ্দিন বাবু
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার পাশাপাশি বিষয়টি জাতীয় সংসদেও উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
শনিবার রাতে আশুলিয়ার জামগড়া মুসলিম প্লাজায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, মাদক ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ড নির্মূল এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জামগড়া এলাকায় একটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার পাশাপাশি বিষয়টি জাতীয় সংসদেও উপস্থাপন করা হয়েছে।
তিনি বলেন, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ড রুখতে শুধু পুলিশের ওপর নির্ভর করলে হবে না। এসব অপরাধ নির্মূলে স্থানীয় বাসিন্দাদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পুলিশের একার পক্ষে সব ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব নয়। তাই অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই আল হাদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব, আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার, ঢাকা জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম এবং থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মোল্লা।
এছাড়া উপস্থিত ছিলেন আশুলিয়া থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী জাহিদ হাসান বিকাশ, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন মোল্লা, হালিম মণ্ডল, থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য জাকির হোসেন পাঠান, থানা যুবদলের শিল্পবিষয়ক সম্পাদক খন্দকার তোফাজ্জল হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় বক্তারা জামগড়া ও আশপাশের এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের তৎপরতা আরও জোরদার করার আহ্বান জানান।
এসএ




Comments