নীলফামারীতে তিস্তার সেচ ক্যানেলে ডুবে খালা-ভাগ্নির মৃত্যু
নীলফামারীর ডিমলায় তিস্তা নদীর প্রধান সেচ ক্যানেলের পানিতে ডুবে আপন খালা ও ভাগ্নির মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নাউতারা ইউনিয়নের কাঁকড়া তুহিন বাজার সুইচগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো—নাউতারা ইউনিয়নের কাঁকড়া তুহিন বাজার সুইচগেট এলাকার আবুল হোসেনের মেয়ে মোছা. পাখি আক্তার (১২) এবং একই ইউনিয়নের নিজপাড়া (ঝাকুয়াটারী) এলাকার মো. সেলিমুর রহমানের মেয়ে মোছা. সিনহা (৪)। সম্পর্কে তারা আপন খালা ও ভাগ্নি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে তিস্তা নদীর প্রধান সেচ ক্যানেলের পাশে কয়েকজন শিশু খেলছিল। একপর্যায়ে শিশু সিনহা অসাবধানতাবশত ক্যানেলের গভীর পানিতে পড়ে যায়। তাকে উদ্ধারের জন্য খালা পাখি আক্তার তাৎক্ষণিক পানিতে ঝাঁপ দেন। কিন্তু পানির তীব্র স্রোতে তারা দুজনই তলিয়ে যান।
এ সময় পাশে থাকা অন্য শিশুদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন। পরে স্থানীয়রা ক্যানেলের পানি থেকে দুজনকে উদ্ধার করলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়।
নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি গভীর শোক প্রকাশ করে বলেন, “কয়েক বছর আগেও একই স্থানে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। জায়গাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ক্যানেলের এই অংশে দুর্ঘটনা রোধে দ্রুত প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে।”
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
একই পরিবারের দুই শিশুর এমন অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ক্যানেলটির ওই ঝুঁকিপূর্ণ পয়েন্টে দ্রুত নিরাপত্তা বেষ্টনী বা রেলিং নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ডিআর




Comments