Image description

কুমিল্লায় বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় খালেদা আক্তার রানী নামের এক নারীকে আট বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (স্পেশাল ট্রাইব্যুনাল-৬) আদালতের বিচারক খাইরুননেছা এ রায় ঘোষণা করেন।

বিশে বছর দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন নওগাঁর সাপাহার উপজেলার কলমিডাঙ্গা গ্রামের মোস্তাফিজুর রহমান ওরফে মিন্টু এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার চকপাড়া এলাকার মোহাম্মদ দুরুল হুদা ওরফে হাসান।

মামলার বিবরণ থেকে জানা যায়, জেএমবির প্রধান শায়খ আব্দুর রহমান রিমান্ডে থাকাকালে পাওয়া তথ্যের ভিত্তিতে ২০০৬ সালের ১৩ মার্চ কুমিল্লা নগরীর বিষ্ণুপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। সে সময় ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ আসামিদের গ্রেপ্তার করা হয়।

মামলার বিচার প্রক্রিয়ায় আদালত ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। আসামিদের জবানবন্দি, জব্দ তালিকা ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারের প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন।

রায় ঘোষণার পর সাজা পরোয়ানামূলে দণ্ডপ্রাপ্ত আসামিদের কড়া পুলিশ পাহারায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।