‘পুলিশের কাছে যেমন ব্যবহার আশা করেন, পুলিশের সঙ্গেও তেমন আচরণ করুন’
গাজীপুর মহানগরীর পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেছেন, পুলিশের কাছ থেকে একজন সেবাগ্রহীতা যেমন সম্মানজনক ও সহযোগিতাপূর্ণ আচরণ প্রত্যাশা করেন, জনগণের পক্ষ থেকেও পুলিশের প্রতি তেমন ইতিবাচক আচরণ কাম্য। তিনি মনে করেন, পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতা বজায় থাকলে আইনশৃঙ্খলা রক্ষা এবং নাগরিক সেবা নিশ্চিত করা অনেক সহজ হয়।
সম্প্রতি থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে আলাপকালে ওসি আতিকুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, “পুলিশের কাছে আপনি যেমন ব্যবহার আশা করেন, পুলিশের সঙ্গেও তেমন ব্যবহার করুন। এতে পুলিশ সদস্যরাও আপনাকে সর্বোচ্চ সেবা প্রদানে উৎসাহিত হবে।”
২০২৪ সালের গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে ওসি আতিক বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে পুলিশ সদস্যরা মব ও নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন। এতে অনেকের পেশাগত মনোবলে নেতিবাচক প্রভাব পড়েছিল। তবে বর্তমান সরকারের অধীনে ধীরে ধীরে পরিস্থিতির উন্নয়ন ঘটছে এবং পুলিশ সদস্যরা পুনরায় পূর্ণ উদ্যমে তাদের পেশাগত দায়িত্বে মনোযোগী হচ্ছেন। বর্তমানে বাংলাদেশ পুলিশে জনবান্ধব ও নতুন ধারার পুলিশিং চর্চা শুরু হয়েছে।
ওসি আতিকুর রহমান আরও বলেন, “পুলিশ ও জনগণ একে অপরের প্রতিপক্ষ নয়। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে উভয়ের মধ্যে আস্থা ও সহযোগিতার সম্পর্ক থাকা জরুরি। থানায় কেউ সেবা নিতে এলে পুলিশের দায়িত্ব হলো তাদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং আইন অনুযায়ী সেবা নিশ্চিত করা। একইভাবে জনগণের পক্ষ থেকেও পুলিশের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করা উচিত।”
পূবাইলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সাংবাদিক, রাজনীতিবিদ ও সাধারণ মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করে তিনি বলেন, “আমরা থানাকে শুধু মামলা বা গ্রেপ্তারের জায়গা নয়, বরং জনগণের আস্থা ও সহযোগিতার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই। সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে আমরা বদ্ধপরিকর।”
স্থানীয় পর্যায়ে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন এই কর্মকর্তা।
ডিআর




Comments