Image description

উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, দাকোপ, খুলনা। ছবি : সংগৃহীত

খুলনার দাকোপ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নার্গিস আরা পারভীনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ এবং সদস্যদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। প্রতিকার চেয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা জেলা কমান্ড্যান্ট বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সদস্যরা।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলপতি, দলনেত্রী, ওয়ার্ড দলনেতা ও আনসার কমান্ডারদের যৌথ স্বাক্ষরিত এই অভিযোগপত্রটি সম্প্রতি জেলা কমান্ড্যান্ট দপ্তরে পাঠানো হয়।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, দাকোপে যোগদানের পর থেকেই উপজেলা কর্মকর্তা নার্গিস আরা পারভীন নানা অনিয়মে জড়িয়ে পড়েন। তাঁর বিরুদ্ধে সদস্যদের ঈদ উপহার আত্মসাৎ, ঋণ ফরমে স্বাক্ষরের বিনিময়ে ৫০০ থেকে ১০০০ টাকা গ্রহণ এবং বিভিন্ন ইউনিয়নে দলনেতা ও দলনেত্রী নিয়োগের ক্ষেত্রে লাখ টাকা পর্যন্ত ঘুষ দাবির অভিযোগ রয়েছে। এছাড়া ২০২৬-২৭ অর্থ বছরে গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণে ভুয়া সনদ ও এনআইডি ব্যবহার করে অর্থের বিনিময়ে প্রশিক্ষণের সুযোগ দেওয়া, অফিসের পরিচ্ছন্নতাকর্মীর অর্ধেক বেতন কর্তন এবং সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজসহ চাকরিচ্যুতির হুমকির বিষয়গুলোও অভিযোগে উঠে এসেছে।

অভিযোগকারী সদস্যরা জানান, ওই কর্মকর্তার অনিয়ম ও অর্থ বাণিজ্যের অডিও রেকর্ডসহ বিভিন্ন প্রমাণ তাঁদের কাছে রয়েছে। সুষ্ঠু বিচারের আশায় তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগের বিষয়ে দাকোপ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নার্গিস আরা পারভীন বলেন, “একটু ভুল বোঝাবুঝি হয়েছে। আমি একটা গালি দিয়েছি। তারা জেলা স্যারের কাছে অভিযোগ দিয়েছে।”

এ বিষয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা জেলা কমান্ড্যান্ট মো. মিনহাজ আরেফিন বলেন, “দাকোপের কর্মকর্তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”

ডিআর