Image description

ময়মনসিংহে ২৫০ জন প্রতিবন্ধীর মধ্যে সুবর্ণ কার্ড বিতরণ করেছে উপজেলা প্রশাসন। কার্ডের মাধ্যমে নিয়ম মেনে আবেদন করলে উপকারভোগীরা প্রতি মাসে ১ হাজার টাকা করে সরকারি প্রতিবন্ধী ভাতা পাবেন। কার্ড হাতে পেয়ে আনন্দ প্রকাশ করেছেন উপকারভোগীরা।

সোমবার (২৪ আগস্ট) দুপুর ২টায় ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ সুবর্ণ কার্ড বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির (বিভাগীয়) সহসাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজের প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে সুদূরপ্রসারী উদ্যোগ গ্রহণ করেছেন। এসব উদ্যোগের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার কাজ এগিয়ে যাচ্ছে। তাঁদের জন্য বছরে ১২ হাজার টাকা ভাতার ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে সংসদ সদস্য ওয়াহাব আকন্দ বলেন, ইতোমধ্যে সারাদেশে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্রীড়া কার্ডসহ বিভিন্ন ধরনের উদ্যোগ বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে পর্যায়ক্রমে উপকারভোগীরা সরকারি সুবিধা পাবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাজু আহম্মেদ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

ইউএনও জানান, প্রতিবন্ধী ভাতার জন্য আবেদনের সময় আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। সুবর্ণ কার্ডপ্রাপ্ত ব্যক্তিরা নির্ধারিত নিয়ম অনুসরণ করে আবেদন করলে প্রতি মাসে ১ হাজার টাকা করে ভাতা পাবেন।

কার্ড বিতরণ অনুষ্ঠানে উপকারভোগী প্রতিবন্ধী ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসএ