Image description

ময়মনসিংহের নান্দাইলে অসহায় ও গৃহহীন ৩৬ পরিবারের জন্য নির্মিত ‘স্বপ্নবাড়ি’ উদ্বোধন, ৩২৫ মিটার ইউনিব্লক সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন এবং সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার মোয়াজ্জেমপুর ও সৈয়দগাঁও গ্রামে নির্মিত ৩৬টি ‘স্বপ্নবাড়ি’ উদ্বোধন করেন তিনি। নতুন ঘর পেয়ে উপকারভোগী পরিবারগুলোর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। দীর্ঘদিনের অনিশ্চয়তা ও দুর্ভোগের পর স্থায়ী ঠিকানা পেয়ে স্বস্তি প্রকাশ করেন তারা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিমন্ত্রীর উদ্যোগে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচি (টিআর)-এর আওতায় উপজেলার ৩৬টি গৃহহীন ও অসহায় পরিবারের জন্য এসব ‘স্বপ্নবাড়ি’ নির্মাণ করা হয়েছে। একই কর্মসূচির আওতায় আরও ৯৮টি ‘স্বপ্নবাড়ি’ নির্মাণাধীন রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নতুন ঘর পাওয়া সবজি বিক্রেতা সবুজ মিয়া বলেন, “মাননীয় তথ্য প্রতিমন্ত্রী আমাকে একটি ঘর দিয়েছেন। আমি আমার স্বপ্নের ঠিকানা পেয়েছি। এখন দুই সন্তান নিয়ে আরামে ঘরে থাকতে পারব।”

সৈয়দগাঁও গ্রামের বিধবা হামিদা খাতুন বলেন, “সন্তানদের নিয়ে এতদিন ভাঙা ঘরে থাকতাম। নতুন ঘর পেয়ে এখন নিশ্চিন্তে থাকতে পারব।”

পরে নান্দাইল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ভূঁইয়াপাড়া রাস্তা থেকে ভূঁইয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে মামুনের বাড়ি পর্যন্ত ৩২৫ মিটার সড়ক ইউনিব্লক দ্বারা উন্নয়ন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

সড়কটি উন্নয়ন হলে এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ কমবে বলে আশা করছেন স্থানীয়রা। এর ফলে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের চলাচল আরও সহজ ও নিরাপদ হবে।

দিনের কর্মসূচির শেষ পর্যায়ে উপজেলা পর্যায়ের সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। সভায় কৃষকদের কাছে সুষ্ঠুভাবে সার সরবরাহ, সার বাজারের পরিস্থিতি এবং কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। এ সময় কৃষকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সার সরবরাহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

এসএ