Image description

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় মনসুরা বেগম (৫২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লেহেম্বা ইউনিয়নের সহোদর এলাকার রফিক ফিলিং স্টেশনের পাশে রাণীশংকৈল-পীরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনসুরা বেগম পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলার গুয়াগাঁও গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে মনসুরা বেগম সহোদর এলাকার রফিক ফিলিং স্টেশন সংলগ্ন সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাতনামা গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় সেটি শনাক্ত করা সম্ভব হয়নি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

রাণীশংকৈল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর অজ্ঞাতনামা যানবাহনটি পালিয়ে গেছে। সেটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসএ