Image description

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর এমপি বলেছেন, ‘কে আমার সঙ্গে কাজ করেছেন কিংবা কার সঙ্গে আমার ছবি আছে, সেটি বড় বিষয় নয়। এলাকায় গুন্ডামি-বদমাশি, চাঁদাবাজি কিংবা মাদক কারবারের সঙ্গে জড়িত কেউ পার পাবে না।’

শনিবার (২৯ আগস্ট) রাতে পটুয়াখালীর দশমিনায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক সহায়তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সিলিং ফ্যান, ওয়াটার ফিল্টার ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘দলিল যার, জমি তার। আমরা দেখেছি, যাদের শক্তি আছে, তারাই অন্যের জমি জবরদখল করে নেয়। নিজের এক একর জমি থাকার পরও পাশের আরও দেড় একর জমি দখল করে নেয়। তাই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না।’

দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদ হাসান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. শাহ আলম সিকদার, দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন, মো. মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসএ