ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়লার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী
ডেঙ্গু আতঙ্ক
ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর ও আশপাশে দীর্ঘদিন ধরে বর্জ্য ফেলার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যও হুমকির মুখে পড়েছে। মহাসড়কের ফুটপাতজুড়ে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধ ও উচ্ছিষ্টে অতিষ্ঠ পথচারী, স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। পাশাপাশি জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার বাড়ার আশঙ্কায় এলাকাজুড়ে ডেঙ্গু আতঙ্ক দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার সীমান্তবর্তী নাসিরগ্লাস এলাকা থেকে ভালুকা ব্রিজ পর্যন্ত মহাসড়কের কয়েকটি ফাঁকা স্থানে দীর্ঘদিন ধরে বর্জ্যের স্তূপ জমে আছে। বিশেষ করে হবিরবাড়ী, মাস্টারবাড়ী, আমতলী মায়ের মসজিদের পাশ, সিডস্টোর বাজারের উত্তর পাশ এবং পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের প্রশিকা মোড়ে মহাসড়কের ওপরই ময়লা জমে আছে। ভোর, দুপুর কিংবা রাতের আঁধারে বাসাবাড়ি ও বাজারের বর্জ্য এনে এসব স্থানে ফেলা হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।
মহাসড়কে চলাচলের দুর্ভোগের কথা জানিয়ে স্থানীয় স্কুলশিক্ষার্থী সিনথিয়া আফরিন শিফা বলেন, ‘রাস্তায় ময়লা রাখার কারণে ফুটপাত বন্ধ হয়ে গেছে। এদিক দিয়ে গেলে গাড়ি প্রায়ই চাপ দেয়। আমরা প্রতিনিয়ত জীবনঝুঁকিতে আছি।’
দুর্গন্ধ ও দুর্ঘটনার আশঙ্কার কথা জানিয়ে স্থানীয় বাসিন্দা আসমা আক্তার বলেন, ‘দেখুন কত গতিতে গাড়ি আসে! এটা মহাসড়ক। ময়লা রাখার কারণে এখান দিয়ে চলাচল করা যায় না। কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই আমরা চাই রাস্তাটা পরিষ্কার করে দেওয়া হোক।’
কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ তুলে পথচারী আরমান আহমেদ বলেন, ‘কাকে কী বলবেন, কেউ কথা রাখে না। ময়লা কে সরাবে, সেটা বলে লাভ নেই। পৌর প্রশাসককে অনেক বলেও কাজ হয়নি। আর যারা ময়লা ফেলে, তারা প্রভাবশালী হওয়ায় কোনো কথা শোনে না।’
স্থানীয়রা জানান, ময়লার দুর্গন্ধের কারণে অনেককে নাক চেপে চলাচল করতে হয়। এছাড়া কাক, কুকুরসহ বিভিন্ন প্রাণীর মাধ্যমে ময়লা ছড়িয়ে পড়ায় পথচারীদের পোশাকও নষ্ট হচ্ছে। আশপাশের শতাধিক পরিবার ও নিকটস্থ শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী দীর্ঘদিন ধরে এ ভোগান্তির শিকার হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি।
এ বিষয়ে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন জানান, মহাসড়ক থেকে নিয়মিত বর্জ্য অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। খুব দ্রুতই ময়লা অপসারণ করা হবে।
ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, ‘মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ স্থানে বর্জ্য ফেলে জনভোগান্তি তৈরি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় দ্রুত এসব ময়লা অপসারণ এবং নির্দিষ্ট স্থানে বর্জ্য ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট উপজেলা ও পৌর প্রশাসনকে কঠোর নির্দেশ দেওয়া হচ্ছে। ডাম্পিংয়ের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এসএ




Comments