Image description

রাজশাহী মহানগরীতে রাতের আঁধারে বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। 

রোববার (৩০ আগস্ট) দিবাগত রাত সোয়া ১টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার আরডিএ প্রান্তিক আবাসিক এলাকায় এই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

সোমবার (৩১ আগস্ট) র‍্যাব-৫-এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫-এর একটি দল কাশিয়াডাঙ্গা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে আরডিএ প্রান্তিক আবাসিক এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি পাওয়া যায়। তবে এ ঘটনায় অস্ত্রগুলোর মালিক বা এর সঙ্গে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।

র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত পিস্তল ও গুলি কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অবৈধ অস্ত্রের মালিক ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্রের বিস্তার রোধে গোয়েন্দা নজরদারির পাশাপাশি এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে র‍্যাব-৫ জানিয়েছে।

ডিআর