Image description

রাজশাহীর পুঠিয়া উপজেলার ব্যস্ততম বানেশ্বর বাজারে সড়ক ও জনপথ বিভাগের সড়কটি দীর্ঘ দিন সংস্কার না হওয়ায় এখন পথচারী ও ব্যবসায়ীদের জন্য ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। সড়কের পিচ উঠে গিয়ে বেরিয়ে আসা পাথর যানবাহনের চাকার আঘাতে ছিটকে আশপাশের দোকানে গিয়ে লাগছে। এতে প্রায়ই ভাঙছে দোকানের কাচ, আহত হচ্ছেন পথচারীরা।

সর্বশেষ সোমবার (৩১ আগস্ট) সকালে বানেশ্বর বাজারের হাজী ওবায়দুল এন্ড সন্সের মার্সেল শোরুমের কাচের দরজা ছিটকে আসা পাথরের আঘাতে চুরমার হয়ে যায়। এতে শোরুমের সামনে কাচের টুকরো ছড়িয়ে পড়ে বড় ধরনের ক্ষতির সৃষ্টি হয়েছে।

শোরুমের স্বত্বাধিকারী নেওয়াজ শরিফ পাপ্পু বলেন, “সড়কের ওপর ছড়িয়ে থাকা পাথর যানবাহনের চাকার চাপে কামানের গোলার মতো ছিটকে আসে। আজ আমার শোরুমের কাচ ভেঙেছে, যেকোনো সময় মানুষের জীবনহানিও ঘটতে পারে। আতঙ্কের মধ্যে আমাদের ব্যবসা করতে হচ্ছে।”

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বানেশ্বর বাজার রাজশাহী-ঢাকা মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। প্রতিদিন এখানে শত শত ভারী যানবাহন চলাচল করে। সড়ক ও জনপথ বিভাগের দায়সারা সংস্কারের কারণে কিছুদিন পর পরই পিচ উঠে পাথর বেরিয়ে পড়ে। জাহীদ নামের একজন ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, “দোকানে বসে থাকব নাকি পাথর থেকে বাঁচতে নিরাপদ দূরত্বে থাকব, তা নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়।”

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আব্দুল মান্নান আকন্দ বলেন, “টানা বৃষ্টির কারণে ঠিকাদাররা কাজ শুরু করতে পারছেন না। রাস্তাটি কয়েক দফা মেরামত করা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে দ্রুত স্থায়ী সংস্কার কাজ শুরু হবে।”

তবে ব্যবসায়ীদের দাবি, লোকদেখানো বা অস্থায়ী মেরামত নয়, বরং এই গুরুত্বপূর্ণ সড়কটির টেকসই ও স্থায়ী সংস্কার প্রয়োজন। দ্রুত পদক্ষেপ না নিলে বড় ধরনের দুর্ঘটনা ও জানমালের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

ডিআর