গাইবান্ধায় গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্রসহ মো. রাসেল মিয়া (৩০) ও হৃদয় সরকার পনির ওরফে পূর্ণ (৪০) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) রাতে সদর উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রাসেল মিয়া সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের দক্ষিণ কোমরপুর গ্রামের বাসিন্দা এবং হৃদয় সরকার পনির শহরের ব্রীজ রোড কালিবাড়ী এলাকার বাসিন্দা।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবি পুলিশের ওসির নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কোমরপুর গ্রামে রাসেলের বাড়িতে অভিযান চালায়। এসময় তার শোবার ঘরের বিছানার তোশকের নিচ থেকে একটি সুইচ গিয়ার টিপ চাকু, একটি লোহার শাবল ও একটি লোহার চেইন উদ্ধার করা হয়।
পরবর্তীতে রাসেলের দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের কালিবাড়ী এলাকায় হৃদয়ের বাড়িতে অভিযান চালায় ডিবি। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার ঘর তল্লাশি করে তোশকের নিচ থেকে একটি ধারালো লোহার ছোরা ও একটি হাতুড়ি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে এসব অস্ত্র নিজেদের কাছে রেখে এলাকায় ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
গাইবান্ধা ডিবি পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা (মামলা নম্বর-৬৯) দায়ের করা হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডিআর




Comments