Image description

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে কঠোর বার্তা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি স্পষ্ট জানিয়েছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে ‘সরকারি মাল দরিয়ামে ঢাল’—এমন নেতিবাচক মানসিকতা আর বরদাশত করা হবে না।

সোমবার (৩১ আগস্ট) দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ প্রকল্পের আওতায় প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আক্ষেপ করে বলেন, “বেসরকারি স্কুলের খবরাখবর এলাকাবাসী রাখলেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খবর অনেকেই রাখেন না। সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ‘সরকারি মাল দরিয়ামে ঢাল’ মনে করার দিন শেষ। আমরা এই চিত্র আর দেখতে চাই না। সরকার শিক্ষকদের সঠিক মূল্যায়ন করবে এবং একই সঙ্গে শিক্ষার মানোন্নয়নে কঠোর পদক্ষেপ নেবে।”

স্কুল ফিডিং কর্মসূচি প্রসঙ্গে ববি হাজ্জাজ জানান, ২০২৭ সালের মধ্যে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এই কর্মসূচির আওতায় আনা হবে। এর মূল লক্ষ্য হলো শিশুদের বিদ্যালয়মুখী করা, পুষ্টির চাহিদা পূরণ এবং ঝরে পড়ার হার শূন্যে নামিয়ে আনা।

প্রতিমন্ত্রী বিদ্যালয়ের উন্নয়নে এলাকাবাসী ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “ম্যানেজিং কমিটি কোনো রাজনৈতিক বিষয় নয়। স্থানীয় মানুষের অংশগ্রহণের ভিত্তিতে এটি গঠন করা হবে যাতে বিদ্যালয়ের প্রতি সবার দায়িত্ববোধ তৈরি হয়।”

দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসান, ফিডিং কর্মসূচি প্রকল্পের পরিচালক মো. আবুল আমিন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব ইসরাত জাহান এবং দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা। সভায় জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

ডিআর