Image description

নেত্রকোনার কেন্দুয়ায় বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় নেত্রকোনা-কেন্দুয়া সড়কের চান্দপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন—কেন্দুয়া উপজেলার বান্দনাল গ্রামের অটোরিকশা চালক ওয়াজিদ মিয়া (৪০) এবং চান্দপাড়া গ্রামের গৃহবধূ লিজা আক্তার (৩৯)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় রামপুর বাজার থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি কেন্দুয়ার দিকে যাচ্ছিল। পথে চান্দপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ঘাতক ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ওয়াজিদ মিয়া ও যাত্রী লিজা আক্তার প্রাণ হারান।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত তিন যাত্রীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। অন্যদিকে, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি নিয়ে চালক দ্রুত পালিয়ে যায়।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘাতক ট্রাকটি শনাক্ত করা ও এর চালককে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ডিআর