Image description

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, “উন্নয়নের সঙ্গে থাকলে বাংলাদেশের উন্নতি হবে। আপনারা উন্নয়নের সঙ্গে থাকুন, তবেই ভবিষ্যতে জনগণের কাছে যাওয়ার সুযোগ পাবেন। নতুবা সরকারের বিরোধিতা করলে জনগণের প্রতিরোধের মুখে পড়তে হবে।”

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনিসুর রহমান খোকন বলেন, “দীর্ঘ লড়াইয়ের পর স্বৈরাচার সরকারের বিদায় হয়েছে। বাংলাদেশের লক্ষ্য জনতা শেখ হাসিনার শাসনামলে নির্যাতিত হয়েছে, গুম ও খুনের শিকার হয়েছে। আমাদের তাদের রক্তের প্রতি সম্মান জানাতে হবে। গত ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েও দেশের জন্য লড়েছেন।”

রাজনৈতিক প্রতিপক্ষ ও নতুন দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, “বর্তমানে দেখা যাচ্ছে নতুন একটি দল রাস্তায় মাইক হাতে পেলেই আবোলতাবোল বলা শুরু করে। এমনকি তারা জননেতা তারেক রহমানকে নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করছে। তাদের জেনে রাখা উচিত, বিএনপি রাতের ভোটে নির্বাচিত হওয়া দল নয়। বিএনপি সবসময় জনগণের বিপুল ভোটে সরকার গঠন করেছে এবং সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জাতীয় সংসদে কথা বলেছে।”

মাদারীপুর জেলা বিএনপির কার্যালয় সংলগ্ন এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান জাকির, সদস্য সচিব কামরুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

ডিআর