নানা কর্মসূচির মধ্য দিয়ে কুষ্টিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে কুষ্টিয়া জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া পৌরসভার ‘বিজয় উল্লাস চত্বর’ থেকে বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক এনএস রোড প্রদক্ষিণ করে বড়বাজার রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়। এতে ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকাসহ বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে একটি সংক্ষিপ্ত রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কুষ্টিয়া জেলা বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। তাঁরা দলের প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও আদর্শ বজায় রেখে আগামী দিনে গণমানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
বিশেষ অতিথির বক্তব্য দেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-২, ৩ ও ৪ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এবং কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লবসহ অন্যরা। এ সময় বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার রক্ষায় বিএনপি সবসময় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে কুষ্টিয়া জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেন দলের নেতারা।
এসএ




Comments