রাজশাহীতে একই দিনে দুই দফায় ৭ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
একই দিনে দুই দফা বিপর্যয়ের কারণে প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহীর সঙ্গে ঢাকা ও দেশের বিভিন্ন রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নাটোরের বাগাতিপাড়ার লোকমানপুর ও রাজশাহীর হরিয়ান এলাকায় পৃথক দুটি ঘটনার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। এতে মাঝপথে ও বিভিন্ন স্টেশনে ছয়টি ট্রেন আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েন কয়েক হাজার যাত্রী।
রেলওয়ে সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে বাগাতিপাড়ার লোকমানপুর স্টেশন পার হয়ে আড়ানী স্টেশনের কাছে রেললাইনে ফাটল দেখা দেয়। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ওই পথে তাৎক্ষণিক ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে রাজশাহী রেলওয়ে স্টেশনে বনলতা এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেসসহ মোট ছয়টি ট্রেন আটকা পড়ে। খবর পেয়ে রেলওয়ের প্রকৌশলীরা দ্রুত মেরামত কাজ শুরু করেন। প্রায় চার ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ১০টার দিকে লাইন মেরামত শেষ হলে ট্রেন চলাচল শুরু হয়।
তবে এর কিছুক্ষণ পরই ফের বিপত্তি ঘটে। পাবনা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা ‘ঢালারচর এক্সপ্রেস’ বেলা সোয়া ১১টার দিকে হরিয়ান রেলওয়ে স্টেশনের অদূরে পৌঁছালে একটি বগির চাকার স্প্রিং খুলে যায়। এতে ট্রেনটি লাইনের ওপর বিকল হয়ে পড়লে পুনরায় ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় আতঙ্কিত হয়ে অনেক যাত্রী ট্রেন থেকে নেমে পড়েন। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পরবর্তীতে পশ্চিমাঞ্চল রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত বগিটি মেরামতের কাজ শুরু করেন। প্রথমে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন পাঠানোর উদ্যোগ নেওয়া হলেও প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় স্থানীয়ভাবে মেরামত কাজ শেষ হয়। বেলা পৌনে ৩টার দিকে হরিয়ান এলাকায় লাইন সচল হলে রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, হরিয়ান স্টেশনের কাছে ঢালারচর এক্সপ্রেসের একটি বগি বিকল হওয়ায় সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ ছিল। মেরামত কাজ শেষ হওয়ার পর বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
একই দিনে রেললাইনে ফাটল ও যান্ত্রিক ত্রুটির কারণে দুই দফা ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেক যাত্রীকে মাঝপথে ট্রেন থেকে নেমে বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে।
ডিআর




Comments