Image description

নেতাকর্মীদের বিশাল সমাগম ও উৎসবমুখর পরিবেশে রাজশাহীর চারঘাটে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

বিকেলে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। তিনি বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দলের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও অবদানের কথা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ বলেন, “বিএনপি জনগণের অধিকার আদায়ের দল। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে এবং জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে হবে।” দেশের গণতন্ত্র রক্ষা ও মানুষের কল্যাণে দলের প্রতিটি কর্মীকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুলসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির সকল সহযোগী ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ব্যানার-ফেস্টুনসহ এই কর্মসূচিতে অংশ নেন।

ডিআর