Image description

ফেনীর ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে মুহুরীগঞ্জ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন কাভার্ডভ্যানের চালক, হেলপার এবং ইউনিক পরিবহনের বাস চালক। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত নাম-পরিচয় পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে একটি কাভার্ডভ্যান মহাসড়কের ওপর দাঁড়িয়ে ছিল। চালক ও হেলপার একটি লং ভেহিক্যালের (লরি) সহায়তা নিয়ে কাভার্ডভ্যানটি সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে চারজন গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য একজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু নোমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে। নিহতদের পরিচয় শনাক্তে পিবিআই কাজ করছে। দুর্ঘটনাকবলিত বাস, কাভার্ডভ্যান ও লং ভেহিক্যালটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

ডিআর