Image description

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাওয়ার ৬ দিন পর অবশেষে ভেসে উঠেছে রাঙ্গামাটির অন্যতম পর্যটন আকর্ষণ ‘ঝুলন্ত সেতু’র পাটাতন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে হ্রদের পানি কমতে থাকায় সেতুর নিমজ্জিত অংশগুলো পুনরায় দৃশ্যমান হতে শুরু করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা দ্রুত বাড়তে থাকে। একপর্যায়ে হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছালে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সেতুতে চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ এবং টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হয়। সম্প্রতি পরিস্থিতি নিয়ন্ত্রণে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে দিয়ে পানি ছেড়ে দেওয়ায় হ্রদের পানির স্তর কমতে শুরু করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সেতুটি পুনরায় জেগে ওঠে।

রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা জানান, পানি কমতে শুরু করায় সেতুর পাটাতন এখন দৃশ্যমান। তবে পানি পুরোপুরি নেমে যাওয়ার পর সেতুর কাঠামোগত নিরাপত্তা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে। এরপর প্রয়োজনীয় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কার কাজ সম্পন্ন করে দ্রুতই সেতুটি পর্যটকদের যাতায়াতের জন্য পুনরায় উন্মুক্ত করে দেওয়া হবে।

ডিআর