Image description

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজারে ভুল চিকিৎসায় শিল্পী বেগম নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় ‘নিউ গরীবশাহ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার’ সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে হাসপাতালের মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ এই অভিযান পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা গেছে, গত রোববার সকালে উপজেলার সাতগাছিয়া গ্রামের ইয়ার আলীর স্ত্রী শিল্পী বেগমকে সিজারিয়ান অপারেশনের জন্য ওই ক্লিনিকে ভর্তি করা হয়। অপারেশন থিয়েটারে অস্ত্রোপচারের সময় ভুল চিকিৎসায় শিল্পী বেগমের মৃত্যু হয়। তবে নবজাতকটি সুস্থ অবস্থায় বেঁচে আছে।

কালীগঞ্জ ইউএনও রেজওয়ানা নাহিদ জানান, প্রসূতির মৃত্যুর অভিযোগের প্রেক্ষিতে সোমবার দুপুরে ক্লিনিকটিতে অভিযান চালানো হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে এবং মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান শেষে ইউএনও ওই নবজাতকের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা, বেবি মিল্কসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী সহায়তা হিসেবে প্রদান করেন। চিকিৎসায় অবহেলার বিষয়ে প্রশাসনের এমন কঠোর অবস্থানে এলাকায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।

ডিআর