Image description

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে স্বামীর সঙ্গে পারিবারিক বিরোধ মীমাংসার কথা বলে ১৬ বছর বয়সী এক কিশোরী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা ইসমাইলকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (৭ সেপ্টেম্বর) ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে মামলা দায়ের করার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ইসমাইল শুভাঢ্যা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। মামলায় রাজু ও শাওন নামে আরও দুজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে ফয়সাল নামে এক যুবকের সঙ্গে ওই কিশোরীর বিয়ে হয় এবং তাদের একটি সন্তান রয়েছে। তবে দাম্পত্য কলহের কারণে বর্তমানে তারা আলাদা থাকছিলেন। প্রায় মাসখানেক আগে ইসমাইলের সঙ্গে ওই কিশোরীর পরিচয় হলে ইসমাইল নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে স্বামীর সঙ্গে বিরোধ মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন।

কিশোরীর অভিযোগ, গত রোববার রাত সাড়ে ১০টার দিকে ইসমাইল তাকে মোবাইল ফোনে কল করে একটি ক্লাবের সামনে আসতে বলেন। সেখানে যাওয়ার পর ক্লাব বন্ধ থাকায় রাজু নামে একজন তাকে ক্লাবের নিচ থেকে একটি ভাড়া বাসার দ্বিতীয় তলায় নিয়ে যান। সেখানে আগে থেকেই কয়েকজন অবস্থান করছিলেন। একপর্যায়ে তাকে ভয়ভীতি দেখিয়ে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করা হয়। পরে ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে রাত ১১টার দিকে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন ইসমাইল। এই বিষয়ে কাউকে কিছু জানালে তাকে ও তার পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতির হুমকি দেওয়া হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে। প্রধান আসামি ইসমাইলকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িত অন্য আসামিদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ভুক্তভোগী কিশোরী এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ডিআর