জয়পুরহাটে পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে আপন তিন ভাইয়ের হামলায় গুরুতর আহত বিলকিস বানু (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে টানা ৭ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
নিহত বিলকিস বানু জয়পুরহাট সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত হেলাল উদ্দীনের স্ত্রী।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, পৈতৃক সূত্রে প্রাপ্ত ৩৯ শতক জমি তদারকি করতে গেলে বিলকিস বানুর সঙ্গে তার তিন ভাই—রুহুল আমিন, জয়নাল আবেদীন ও কোরবান আলীর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে অন্য দুই ভাইয়ের প্ররোচনায় ছোট ভাই রুহুল আমিন কোদালের আছাড়ি (গোড়া) দিয়ে বিলকিসের মাথায় উপর্যুপরি আঘাত করেন। এতে তিনি গুরুতর জখম হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করান। পরে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে বগুড়ার টিএমএসএস হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকার পর আজ ভোরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছেলে আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ভাইয়েরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।
ডিআর




Comments