ভালো চাকরির প্রলোভনে ভারতে পাচারের শিকার দুই কিশোরী দীর্ঘদিন সেখানে অবস্থানের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
দেশে ফেরা দুই কিশোরী হলো—নড়াইল জেলার মহিষাখোলা গ্রামের লাবু বিশ্বাসের মেয়ে লাবনী বিশ্বাস (১৬) এবং একই গ্রামের জাহাঙ্গীর বিশ্বাসের মেয়ে মনি বিশ্বাস (১৭)।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ইমিগ্রেশনের প্রয়োজনীয় কার্যক্রম শেষে দুই কিশোরীকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট দালালের প্রলোভনে পড়ে অবৈধভাবে সীমান্তপথে ভারতে যায় দুই কিশোরী। পরে বেঙ্গালুরু শহরের একটি বাসাবাড়িতে অবস্থানকালে ভারতীয় পুলিশের হাতে আটক হয় তারা।
আটকের পর আদালতের মাধ্যমে তাদের সরকারি ‘বালিকা বালামন্দির গার্লস হোম’ নামে একটি শেল্টার হোমে পাঠানো হয়। পরে দুই দেশের সরকারের মধ্যে চিঠি চালাচালির মাধ্যমে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়। প্রায় দুই বছর পর ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে মঙ্গলবার বাংলাদেশে ফেরে তারা।
দেশে ফেরার পর দুই কিশোরীকে গ্রহণ করেছে বেসরকারি সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’। সংস্থাটি তাদের আইনি সহায়তা দেওয়ার পাশাপাশি পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে বলে জানিয়েছেন যশোর অঞ্চলের সিনিয়র প্রোগ্রাম অফিসার অপূর্ব কুমার সাহা।
ডিআর




Comments