Image description

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোবাইলে লুডু খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রফিক মিয়া (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিক মিয়া ওই গ্রামের মৃত লোকমান মিয়ার ছেলে।

নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে এলাকার কয়েকজন যুবক মোবাইলে লুডু খেলছিলেন। এ সময় রফিক, সালমানসহ কয়েকজন পাশে বসে খেলা দেখছিলেন। একপর্যায়ে লুডু খেলার ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে রফিক ও সালমানের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা মারামারিতে রূপ নেয়।

মারামারিতে রফিক গুরুতর আহত হন। পরে তাঁকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামিমা রহমান মৃত ঘোষণা করেন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, লুডু খেলাকে কেন্দ্র করে মারামারিতে রফিক মিয়া নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ডিআর