Image description

ভালো চাকরির প্রলোভনে পড়ে অবৈধভাবে সীমান্তের চোরাইপথে ভারতে গিয়ে আটক হওয়ার পর বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নারী-পুরুষ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রতিনিধি দল, বিজিবি ও বিএসএফের কর্মকর্তা, দুই দেশের স্থানীয় পুলিশ প্রশাসন এবং এনজিও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ৪৩ জন পুরুষ ও চারজন নারী রয়েছেন। তাদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, বরিশাল, নড়াইল, চাঁদপুর ও বরগুনা জেলায়।

বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান জানান, ইমিগ্রেশনের সব কার্যক্রম সম্পন্ন হওয়ার পর ফেরত আসা ব্যক্তিদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে। সেখান থেকে আইনি সহায়তা দিয়ে বাংলাদেশের দুটি এনজিও সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ এবং ‘রাইটস যশোর’ তাদের পরিবারের কাছে পৌঁছে দেবে।

ফেরত আসা বাংলাদেশিরা জানান, জীবিকার তাগিদে চোরাইপথে বিভিন্ন সময়ে ভারতে গিয়ে তামিলনাড়ুসহ বিভিন্ন প্রদেশে কৃষিকাজ ও ইটভাটার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে কারাভোগ করেন তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ হাইকমিশন এবং পশ্চিমবঙ্গের নারী ও শিশু পাচার প্রতিরোধ টাস্কফোর্সের সমন্বিত উদ্যোগে তাদের নাগরিকত্ব যাচাই-বাছাই শেষে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরার সুযোগ হয়।

ডিআর