Image description

নেত্রকোনার খালিয়াজুরীতে পূর্ববিরোধের জের ধরে এক নারীকে প্রকাশ্যে মারধর, লোহার রড দিয়ে মাথায় আঘাত এবং স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত ওই নারীকে প্রথমে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে উপজেলার রানিচাপুর পুরাতনপাড়া জামে মসজিদের সামনে পাকা সড়কে এ ঘটনা ঘটে বলে থানায় দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী রানিচাপুর গ্রামের লাভলী আক্তার (৫৫) অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন তিনি ও তার বোন পামা আক্তার বাড়ি ফেরার পথে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের পথরোধ করেন। এ সময় অকথ্য ভাষায় গালিগালাজের প্রতিবাদ করায় অভিযুক্তরা তাকে ও তার বোনকে মারধর শুরু করেন।

অভিযোগে বলা হয়, একপর্যায়ে একজন অভিযুক্ত লোহার রড দিয়ে লাভলী আক্তারের মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান। তাকে বাঁচাতে এগিয়ে এলে তার বোনকেও মারধর করা হয়। এ সময় চুল ধরে টানাহেঁচড়া, লাঠি দিয়ে আঘাত এবং শরীরের বিভিন্ন স্থানে জখম করার অভিযোগ করা হয়েছে।

লিখিত অভিযোগ অনুযায়ী, হামলার একপর্যায়ে ভুক্তভোগীর বোনের কাঁধে থাকা ব্যাগ টেনে নিয়ে তাতে থাকা নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। একই সঙ্গে তার গলায় থাকা প্রায় ১০ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা, নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

অভিযোগকারী আরও জানান, হামলার পর অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করার সময় তাকে ও তার বোনকে প্রাণনাশের হুমকি দেন। পরে স্বজনদের সহায়তায় আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন থাকায় থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

ডিআর