ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় দেশব্যাপী তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান শুরু হয়েছে। এর অংশ হিসেবে মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে সিরাজদিখান উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির প্রতিপাদ্য—‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এবং ‘নিয়মিত প্রতিদিন জমা পানি ফেলে দিন’।
সিরাজদিখান উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক র্যালি বের করা হয়। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুলের স্কাউট, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ সময় বিবেচনায় ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাস এ অভিযান চলবে। এ সময়ে ঢাকা মহানগরসহ দেশের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।
উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা এসব কার্যক্রম সমন্বয় করবেন। অভিযানে স্কাউট, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), গার্ল গাইডস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেবেন। কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সচিবসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের ৬৪ জেলার জেলা প্রশাসকরাও অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।
এসএ




Comments