Image description

বাগেরহাটের ফকিরহাটে বসতঘর থেকে সুজন শেখ (২৩) নামের এক ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের হোচলা গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুজন শেখ হোচলা গ্রামের মৃত শেখ আবুল হোসেনের ছেলে। পেশায় তিনি একজন ভ্যানচালক ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, রোববার ভোররাতে সুজনের স্ত্রী হোসনেআরা বেগম ঘুম থেকে উঠে স্বামীকে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁর ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং পরবর্তীতে থানা পুলিশে খবর দেওয়া হয়। স্বজনদের ধারণা, রাতের কোনো একসময় তিনি আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার সঠিক কারণ সম্পর্কে পরিবার কিছু জানাতে পারেনি।

সংবাদ পেয়ে ফকিরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ উদ্ধার করে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ডিআর