আনোয়ারায় বেইলি ব্রিজ ভেঙে পড়ার ঝুঁকিতে, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের আন্নর আলী সিকদার হাট এলাকায় সাপমারা খালের ওপর নির্মিত গুরুত্বপূর্ণ বেইলি ব্রিজটি দীর্ঘদিন সংস্কারের অভাবে চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্টিলের পাটাতন ক্ষয়ে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে ভারী ও হালকা যানবাহন।
সরেজমিনে দেখা যায়, ব্রিজের লোহায় মরিচা ধরে অনেক জায়গায় দেবে গেছে। বড় বড় গর্ত ঢাকতে স্থানীয়রা নিজেদের উদ্যোগে কাঠের তক্তা বসিয়ে চলাচলের ব্যবস্থা করেছেন। ঝুঁকিপূর্ণ এই অস্থায়ী ব্যবস্থার কারণে বিশেষ করে রাতের বেলা যাতায়াতে ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।
রায়পুর ইউনিয়নসহ আশপাশের এলাকার মানুষের জন্য এই ব্রিজটি প্রধান যোগাযোগমাধ্যম। পূর্ব বরৈয়া টিএমসি উচ্চ বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীসহ স্থানীয়দের কৃষিপণ্য আনা-নেওয়া ও রোগীদের জরুরি যাতায়াতে ব্রিজটির গুরুত্ব অপরিসীম। বর্তমানে ব্রিজটির বেহাল দশায় পণ্যবাহী ট্রাক, অটোরিকশাসহ যানবাহন চলাচলে তীব্র দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় কদম মোবারক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মোঃ রিদোয়ানুল হক জানান, ব্রিজটির অবস্থা এতটাই নাজুক যে প্রতিদিন আতঙ্ক নিয়ে পার হতে হয়।
স্থানীয় ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর বলেন, বিষয়টি বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই তিনি দ্রুত নতুন ব্রিজ নির্মাণের দাবি জানান।
আনোয়ারা উপজেলা প্রকৌশলী জাহেদুল চৌধুরী জানান, ব্রিজটির বেহাল দশার বিষয়টি তাঁদের নজরে রয়েছে। ইতোমধ্যে প্রয়োজনীয় তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে; বরাদ্দ পাওয়া মাত্রই দ্রুত সংস্কার অথবা নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
ডিআর




Comments