Image description

চট্টগ্রামের ফটিকছড়িতে খিরাম সর্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি ড্রেজার মেশিন ও প্রায় দুই হাজার ফুট পাইপ বিকল ও বিনষ্ট করা হয়েছে। এ সময় অবৈধভাবে উত্তোলন করে মজুত করা প্রায় ২০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত খিরাম ও ধর্মপুর ইউনিয়নের খিরাম সর্তা নদীর আন্ধারমানিক ও ফুলতলি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে ফটিকছড়ি থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে জব্দ করা প্রায় ২০ হাজার ঘনফুট বালু পরবর্তী সময়ে উন্মুক্ত নিলামে বিক্রির জন্য স্থানীয় গ্রাম পুলিশ ও জনপ্রতিনিধিদের জিম্মায় রাখা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ বলেন, জনস্বার্থে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এসএ