Image description

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) হলের দোকানের মালিকানা নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহকারী প্রক্টররা উপস্থিত ছিলেন। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলসংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের সামনে থাকা ছয়টি দোকানের মালিকানা নিয়ে বেশ কিছুদিন ধরে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে বিরোধ চলে আসছিল। দোকানগুলো নজরুল হলের সামনে হওয়ায় ওই হলের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে এগুলোর মালিকানা দাবি করে আসছিলেন।

অন্যদিকে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের শিক্ষার্থীরা দোকানগুলোর মালিকানা ছাড়তে রাজি ছিলেন না। এ নিয়ে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় সোমবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।

সংঘর্ষের সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

এসএ