Image description

আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম জেলার ‘বিশেষ পুরস্কার’ পেয়েছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদার।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম তাঁর হাতে সম্মাননা স্মারক ও নগদ পুরস্কার তুলে দেন।

পুলিশ সূত্রে জানা যায়, চন্দনাইশ থানায় যোগদানের পর থেকেই অপরাধ দমনে দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে আসছেন ওসি দিদারুল ইসলাম সিকদার। তাঁর নেতৃত্বে থানা পুলিশ চাঞ্চল্যকর ও ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন, আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য ও গণধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তার, একাধিক হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং চোরাই সিএনজি জব্দসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

এই সাফল্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ওসি এস.এম. দিদারুল ইসলাম সিকদার বলেন, “এই অর্জন আমার একার নয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঠিক দিকনির্দেশনা এবং থানার প্রতিটি কর্মকর্তা ও সদস্যের আন্তরিক ও অক্লান্ত পরিশ্রমের ফলেই এটি সম্ভব হয়েছে। এই সম্মাননা আমাকে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আরও বেশি দায়িত্বশীল ও নিষ্ঠাবান হতে অনুপ্রাণিত করবে।”

উল্লেখ্য, চলতি বছরের ৫ মে চট্টগ্রাম জেলা ডিএসবি শাখায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে ওয়াচ অফিসারের দায়িত্ব পালন শেষে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এস.এম. দিদারুল ইসলাম সিকদার।

দায়িত্ব গ্রহণের পর থেকেই পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ তিনি মে মাসে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন। ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে এবার সেপ্টেম্বর মাসে তিনি চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কারে ভূষিত হলেন।

এসএ